হালদা রিপোর্ট : উপ-মহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল, মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, আওলাদে রাসুল (সাঃ) হযরত গাউছুল আজম শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল হাসানী; আল মাইজভান্ডারী, প্রকাশ-বাবাভাণ্ডারী (কঃ) কেবলার ১৬৪তম পবিত্র খোশরোজ শরীফ ৩দিন ব্যাপি (১২, ১৩ ও ১৪ই অক্টোবর) লক্ষ লক্ষ ভক্তের অংশগ্রহণের মাধ্যমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। খোশরোজ শরীফ উপলক্ষ্যে দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকানে মাইজভাণ্ডারীগণ ও ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহন যোগে দরবারে পৌঁছে খোজরোজ শরীফে অংশ গ্রহণ করেন। আগত ভক্ত ও আশেকানরা মাইজভাণ্ডার দরবার শরীফে পৌঁছে গাউছিয়া রহমান মঞ্জিলে সারিবদ্ধভাবে শাজ্জাদানশীন হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্ হাচানী আল্ মাইজভাণ্ডারী (মা:জি:আ:) কেবলার সাথে সাক্ষাত করে দোয়া কামনা করেন। আশেকান-ভক্তরা মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছুল আজম বাবা ভান্ডারী কেবলার রওজাসহ অন্যান্য রওজা জিয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পুরণের জন্য কোরআন তিলাওয়াত, জিকির-আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল ছিলেন। লক্ষ লক্ষ আশেকানে মাইজভাণ্ডারীগণের সার্বিক নিরাপত্তায় ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট হাইওয়ে পুলিশ এবং আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের স্বেচ্ছাসেবকরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিল। ফলে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া লক্ষ লক্ষ ভক্তের অংশ গ্রহণের মাধ্যমে তিন দিন ব্যাপি খোশরোজ শরীফ সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
খোশরোজ শরীফের প্রধান দিবসে ফটিকছড়ি’র মাইজভাণ্ডার দরবার শরীফে অগণিত ভক্তদের পদচারণায় নাজিরহাট হতে মাইজভাণ্ডার দরবার শরীফ পর্যন্ত প্রায় ৪/৫ কিলোমিটার সড়ক জনারণ্যে পরিণত হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ভক্তদের উপস্থিতি বেশি ছিল। আগত ভক্তদের যানবাহনগুলো সাড়িবদ্ধভাবে মাইজভাণ্ডার সড়কসহ নাজিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর কাটিরহাট হতে ফটিকছড়ির রশিদাপুকুর, মাইজভাণ্ডার-বিনাজুড়ি সড়কের ১০-১৫ কিলোমিটার জুড়ে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাখাসহ দরবার শরীফে প্রবেশের চারিদিকের ছোট ছোট বিভিন্ন সড়কেও ভক্তদের নিয়ে আসা যানবাহন দেখা যায়। আগত-ভক্তদের জন্য অস্থায়ীভাবে নির্মাণ করা ক্যাম্পগুলোতে উৎসাহের সঙ্গে ভক্তরা অবস্থান করেন।
বুধবার (১৪ অক্টোবর) সমাপনী দিবসে কর্মসূচী শেষে মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে লক্ষ লক্ষ আশেকানে মাইজভাণ্ডারীগণের উপস্থিতিতে বাদ আসর বিশ্ব মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ; সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন-মাইজভান্ডার দরবার শরীফের প্রধানতম শাজ্জাদানশীন হযরত শাহ্ছুফী আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল্ হাচানী আল্ মাইজভাণ্ডারী (মা:জি:আ:)। এ সময় ভক্তকূলের আমিন ধ্বনিতে মূখরিত হয়ে উঠে পুরো মাইজভান্ডার দরবার শরীফ।
পবিত্র খোশরোজ শরীফ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, থানা ও হাইওয়ে পুলিশসহ সকল ভক্তবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।