হালদা রিপোর্ট : চট্টগ্রামের ফটিকছড়িতে চা’র জন্য তৈরি গরম পানিতে দগ্ধ হয়ে দেড় বছরের শিশু ৫ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি দিয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশু ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের করম আলী সওদাগর বাড়ীর বাসিন্দা মোহাম্মদ রায়হান খান ঝুমনের প্রথম পুত্র সন্তান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানায়, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঘরে চা তৈরির জন্য রাখা গরম পানির পাত্রে হঠাৎ শিশুটি হাত দিয়ে টান দিলে গরম পানি তার শরীরে পড়ে ঝলসে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করায়।
স্থানীয় ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিশু আমার নাতি হয়। আমার ভাতিজা রায়হানের প্রথম পুত্র সন্তান। চারদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ সকাল সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। সন্তান হারিয়ে সফটওয়্যার বিশারদ ও আজকের প্রজন্মের অন্যতম প্রতিষ্ঠাতা রায়হান খান ঝুমনের আহাজারি থামানো যাচ্ছে না।