চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

শাহ্সুফি মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

হালদা রিপোর্ট : চট্টগ্রামের ফটিকছড়ি’র মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক প্রাণপুরুষ হযরত গাউছুল আজম শাহ্সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ); প্রকাশ- বাবাভাণ্ডারীর ঔরষজাত পুত্র ত্ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার অন্যতম প্রচারক, গাউছে জামান হযরত শাহসুফি মাওলানা সৈয়দ শফিউল বশর (কঃ) আল-হাচানী; আল-মাইজভাণ্ডারীর ১০৭তম পবিত্র খোশরোজ শরীফ তথা মহান ৭ ফাল্গুন উপলক্ষে ১৮, ১৯, ২০ ফেব্রুয়ারী ৩দিন ব্যাপী ওরশ মোবারক মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলে মহাসমারোহে শুক্রবার আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্তের অংশ গ্রহণে পুরো দরবার শরীফ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। আগত ভক্তরা মাইজভাণ্ডার শরীফের রওজায় কোরআন শরীফ ও অজিফা পাঠ এবং জিকির করতে দেখা যায়। সে সাথে মহান রাব্বুল আলামিনের নিকট দু’হাত তুলে অশ্রুসিক্ত নয়নে নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য প্রর্থনা করতে দেখা যায়। সন্ধ্যার দিকে মাইজভাণ্ডার শরীফে ভক্তদের উপস্থিতিতে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। আগত ভক্তদের হাজারো যানবাহন নাজিরহাট এলাকায়, মাইজভাণ্ডার শরীফের পশ্চিমে প্রশস্ত নাজিরহাট মাইজভাণ্ডার সড়কের ৫/৬ কিলোমিটার জুড়ে রাখা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর সুন্দর পরিচালনায় কোন যানজট হতে দেখা যায়নি।

এদিকে আগত ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী; আল-মাইজভাণ্ডারীর সাথে দীর্ঘ লাইন ধরে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়।
এ সময় তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, কোরআন-সুন্নাহ বহির্ভূত কোন কাজ মাইজভান্ডারে হয় না। যত প্রকার মন্দ কাজ আছে; সবগুলো শয়তান করে। দুনিয়াতে আমরা এমন আনন্দ করব; যা করলে আল্লাহ-রাসুল খুশি হবে। আমরা হারামকে ত্যাগ করে হালালের পথে থাকব। পিতা-মাতাকে সম্মান করব।

তিনি বলেন, আউলিয়ায়ে কেরামের অনুসৃত পথই শান্তি, সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠার পথ। এ পথে নিজেকে সপে দিলে আখেরাতে মুক্তি মেলে।

পরে আশেক-ভক্তদের সাথে নিয়ে উম্মার সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাইজভান্ডার দরবার শরীফের প্রধানতম শাজ্জাদানশীন শাহজাদায়ে গাউছুল আজম হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী; আল-মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ)। এ সময় উপস্থিত ছিলেন, শাহাজাদা সৈয়দ নূরুল বশর আল-হাচানী; আল-মাইজভাণ্ডারী ও লাখো মাইজভাণ্ডারী ভক্তবৃন্দ।
আখেরি মোনাজাতে লাখো ভক্তের ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো দরবার শরীফ।
সাহরী শেষে ভোর রাতে দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ নিজ নিজ গন্তব্যে রওনা দেয়। এরি মধ্য দিয়ে তিন দিন ব্যাপী খোশরোজ শরীফের সমাপ্তি ঘটে।
খোশরোজ শরীফের আইন শৃংখলা রক্ষায় ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, পুলিশ, স্বেচ্ছাসেবক বাহিনী ও গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে আইনশৃংখলা রক্ষার্থে প্রচুর স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া লাখো ভক্তের অংশ গ্রহণের মাধ্যমে খোশরোজ শরীফ সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় মঞ্জিলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top