হালদা রিপোর্ট : কবে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন? এনিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে এ প্রথম অধিবেশন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদ্যমান সংবিধান অনুযায়ী- জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। তিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা আহ্বান করে থাকেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসতে হবে। এছাড়া নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে ফেলেছেন ১৭ ফেব্রুয়ারি।
বিদ্যমান সংবিধান অনুযায়ী- নির্বাচন হলেও পুরোনো সংসদের মেয়াদ শেষে নতুন সংসদের অধিবেশন বসে। বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে সেটি পরিলক্ষিত হয়েছে। দ্বাদশ সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি। কারণ, একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ওই বছরের ২৯ জানুয়ারি। এবার সংসদ না থাকায় অধিবেশন শুরু করতে বেশি অপেক্ষা করতে হবে না বলে অভিজ্ঞ মহলের অভিমত।
সংসদ সচিবালয় সূত্র বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসা নিয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়েছে। বৈঠকে ২৫ কিংবা ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের সচিব মিজ্ কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, ‘অধিবেশন বসার বিষয়ে কোনো নির্দেশনা আমরা পাইনি।’ ২৬ ফেব্রুয়ারি অধিবেশন বসা নিয়ে কী আলোচনা হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা এখনো শুনিনি। তবে শপথ গ্রহণের এক মাসের মধ্যে সংসদ অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।’
তিনি প্রথম অধিবেশনের নির্দিষ্ট তারিখের বিষয়টি এড়িয়ে গেলেও ভিন্ন সূত্র নিশ্চিত করেছে- আগামী ২৬ ফেব্রুয়ারিই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে।