হালদা রিপোর্ট : চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু’জন হতাহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ শাকিল উদ্দিন (৩৯) খিরাম ইউনিয়নের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের পুত্র এবং আহত আলাউদ্দিন তালুকদার (৩৮) আনোয়ারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হয়। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে। আহত আলাউদ্দিনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
খিরাম ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার এবং আহতকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

