চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদেশ প্রত্যাহার : ঋণখেলাপি নন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর

হালদা রিপোর্ট : ঋণ পুনঃতফসিল করায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এর ফলে এখন থেকে তিনি ঋণ খেলাপি হিসেবে গণ্য হবেন না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় আগের আদেশ প্রত্যাহার করে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

গত ১৮ জানুয়ারি রবিবার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে দেয়া হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের ওই চেম্বার জজ আদালত।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে মূলত: গত রবিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত ওই আদেশ দিয়েছিলেন।
এর আগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন হাইকোর্ট।
চেম্বার আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে ছিলেন বিশিষ্ট আইনজীবী বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, ব্যারিস্টার আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

চেম্বার জজ আদালতে প্রিমিয়ার লিজিং-এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

ওই আইনজীবী জানান, সরোয়ার আলমগীরের কাছে প্রিমিয়ার লিজিং-এর পাওনা ১৬ কোটি ৭৪ লাখ টাকা। প্রিমিয়ার লিজিং এন্ড ফাইনান্স লিমিটেডের ও সরওয়ার আলমগীরের মধ্যে সমন্বয়হীনতার কারণে ভুল বুঝাবুঝি তৈরি হয়। তিনি ঋণ পূনঃতফসিলের জন্য ২০ লাখ টাকা জমাও দিয়েছিলেন। কিন্তু তিনি আবার হাইকোর্ট থেকে স্থিতিআদেশ নেবার কারণে পুনঃতফসিল প্রক্রিয়া স্থিমিত হয়ে যায়। বর্তমানে তিনি প্রিমিয়ার লিজিং-এর চাহিত অর্থ পরিশোধ করেছেন। ফলে বোর্ড মিটিং-এর অনুমোদনক্রমে প্রিমিয়ার লিজিং-এর পক্ষ থেকে পূর্বের পিটিশনটি প্রত্যাহার করে নেয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের সাথে প্রার্থী সরোয়ার আলমগীরের মালিকানাধীন এনএফজেড টেরি টেক্সটাইলের ঋণ নিয়মিত এবং সিআইবি স্ট্যাটাস হালনাগাদ রয়েছে।
বিষয়টি আমাদের পক্ষ থেকে সঠিক ভাবে উপস্থাপন করায় আগের দেয়া স্থগিতাদেশও তুলে নিয়েছেন চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন।

এ প্রসঙ্গে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী জানান, জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের দায়ের করা আরো দু’টি সিভিল পিটিশন ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার জজ।

তিনি আরো জানান, চেম্বার জজ আদালতে সরোয়ার আলমগীরের প্রতিষ্ঠান
এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে সিভিল পিটিশন (৩৫/২০২৬) দাখিল করলে শুনানী শেষে আদালত প্রিমিয়ার লিজিং এবং এনএফজেড টেরি টেক্সটাইল লিমিটেডের মামলাটির পূর্বের আদেশ রি-কল করেন এবং প্রত্যাহার করে নেন।

যেহেতু গত ১৮ জানুয়ারী প্রিমিয়ার লিজিং লিমিটেডের আপিলের পরিপ্রেক্ষিতে এই মামলায় বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের নেয়া পূর্বের স্থিতিআদেশ আট সপ্তাহের জন্য স্টে করার কারণে ফটিকছড়ি আসনে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন; যেহেতু একই দিন জামায়তের প্রার্থী নুরুল আমিনের করা আপিল প্রথম দফায় নামঞ্জুর করে ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থীতা বহাল রেখেছিল নির্বাচন কমিশন; সেহেতু চেম্বার বিচারপতির ওই স্টে আদেশ প্রত্যাহারের ফলে নির্বাচন কমিশন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন ফেরৎ দিতে বাধ্য। যদি ফেরৎ না দেয়; তবে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর নিজের মনোনয়নের বৈধতা চেয়ে হাইকোর্টে করা রিট (১০৫৩/২০২৬) শুনানি করে তা আদায় করা হবে। যেটি গত মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চে এক দফা শুনানি হয়েছিল। এখন তা অন্য বেঞ্চে আগামী রবিবার শুনানি শেষে সংশ্লিষ্ট বেঞ্চ থেকে আদেশ হবে। এদিন অবশ্যই সরোয়ার আলমগীর প্রার্থীতা ফেরৎ পাবেন ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top