ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশেষে সরকার থেকে পদত্যাগ করেছেন।প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সন্ধ্যা সোয়া ৬টায় যমুনায় সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়। যমুনার ওই সংবাদ সম্মেলনে বলা হয়- নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগপত্র গৃহীত হয়ে যাবে।পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।এর আগে দুপুরে একটি জরুরী সংবাদ সম্মেলন ডেকে আসিফ মাহমুদ বিভিন্ন বিষয়ে কথা বললেও পদত্যাগ করা প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছিলেন, ‘এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।’ তবে তিনি নির্বাচন করবেন মর্মে ওই সংবাদ সম্মেলনে জানান। কিন্তু কোথা থেকে কিংবা কোন্ দল থেকে নির্বাচন করবেন- তা পরিষ্কার করেননি।যদিও তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে আগেই জানিয়েছিলেন। এ লক্ষ্যে কিছুদিন আগে তিনি কুমিল্লার নিজ উপজেলা মুরাদনগর থেকে পরিবর্তন করে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন।বাঁধভাঙা ছাত্র-গণঅভ্যূত্থানে মহাস্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ অগাস্ট ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে তিনি শ্রম উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।অন্যদিকে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।
