চট্টগ্রাম । শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ,২২শে কার্তিক, ১৪৩৩

ট্রেন্ডিং :

ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী : নিরহংকার একজন কর্মবীরের বিদায়!

হালদা রিপোর্ট

ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী একজন নিরহংকার কর্মবীরের নাম। ভয়াবহ বন্যায় পর্যুদস্ত ফটিকছড়ি’র পানিপথ বেয়ে মাঠ চষে বেড়ানো এক বন্যাযোদ্ধার নাম। বন্যার ভয়াবহতা নিয়ন্ত্রণে রাতজাগা এক ব্যক্তিত্বের নাম। ৫ আগস্ট গণ-অভ্যূত্থান পরবর্তী এক সাহসী এবং কৌশলী প্রশাসকের নাম। সেই তিনি ২ বছর ১৬ দিন পর বিদায় নিতে যাচ্ছেন মায়াময় কর্মস্থল ফটিকছড়ি থেকে! বিদায় হে কর্মবীর!

চট্টগ্রামের ফটিকছড়িতে ২০২৩ সালের ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ মোজাম্মেল হক চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হয়ে ওঠেন ফটিকছড়ি’র মানুষের কাছে এক ভরসার নাম। দীর্ঘ দু’বছর ১৫ দিন তিনি দক্ষতা, সততা ও আন্তরিকতার সাথে ফটিকছড়িতে একজন কর্মঠ ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। বিশেষ করে- ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যূত্থান পরবর্তী ফটিকছড়ি আসনের এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ পদ শূন্য হয়ে পড়ায় তিনি অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে এলাকায় আইন ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখেন। একজন আমলা হয়েও তিনি কাজ করেছেন জনপ্রতিনিধির মতো। মাঠে-ময়দানে মানুষের পাশে থেকে সমস্যার দ্রুত সমাধানের নিয়ামক শক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন।

ফটিকছড়ি’র সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা- সবখানেই ছিল তাঁর সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা। বন্ধু কিংবা সমালোচক- সবার সঙ্গেই তিনি এমনভাবে মিশে গেছেন যে, অনেকের কাছেই হয়ে ওঠেন প্রিয় মানুষ; ভরসার পাত্র।

দীর্ঘ দায়িত্বপালনের পর এবার তাকে বদলি করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে। বিদায়ের মুহূর্তে ফটিকছড়িবাসীর মন ভারী হলেও রয়েছে গর্ব- এমন একজন কর্মদক্ষ; মানবিক ও নিবেদিতপ্রাণ ইউএনওকে কাছে পাওয়ার সৌভাগ্য তাদের হয়েছিল বলে। ফটিকছড়িবাসী হয়তো সারা জীবন মনে রাখবে এই কর্মবীর প্রশাসকের সৎ উদ্যোগ, মানবিক আচরণ এবং দায়িত্ববোধতাকে। তার কর্মদক্ষতা ও মানুষকে আপন করে নেয়ার ক্ষমতা ফটিকছড়ি’র স্মৃতিতে অম্লান হয়ে থাকবে বছরের পর বছর।

সাপ্তাহিক হালদা পত্রিকার ডিকলারেশন নিতে ওনার প্রত্যয়নপত্র আমাদের অসম্ভব সহযোগিতা করেছিল। তাই হালদা পরিবার তাঁর বিদায়ক্ষণে খুবি মর্মাহত। তারপরও তাকে যেতেই হবে রাষ্ট্রের আদেশ প্রতিপালনে। আমরা তাকে প্রতিদান দিতে পারবো না। তবে তাকে দিয়েই আজকে আমরা আমাদের ওয়েবসাইট উদ্বোধন করিয়ে যৎসামান্য প্রতিদানের চেষ্টা চালিয়েছি মাত্র। আজকে হালদা পত্রিকার ওয়েবসাইট www.haldanews.com উদ্বোধন কালে তাঁর প্রতি সশ্রদ্ধ অভিবাদনসহ হালদা পরিবারের পক্ষ থেকে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরীর নতুন কর্মস্থলের জন্য রইলো শুভকামনা। আবারো জানাই ‘বিদায় হে কর্মবীর’!

শেয়ার করুন

2 thoughts on “ইউএনও মোঃ মোজাম্মেল হক চৌধুরী : নিরহংকার একজন কর্মবীরের বিদায়!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top