হালদা রিপোর্ট
গনেশ উল্টে যাচ্ছে ফটিকছড়িতে। ৪টি ইউনিট যুবদলের কমিটি ঘোষণার মধ্য দিয়ে কি সে যাত্রা শুরু- এমনি প্রশ্ন অভিজ্ঞ মহলের। মশাল মিছিলের অন্তিম যাত্রা কবে? সে অপেক্ষায় নাকি প্রহর গুনছে ফটিকছড়ি উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মী!
খুব ঘটা করেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা, ভুজপুর থানা ও নাজিরহাট পৌর যুবদলের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কমিটিগুলো অনুমোদন দেন বলে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে।
অনুমোদিত কমিটির মধ্যে ফটিকছড়ি উপজেলা যুবদলের সভাপতি হয়েছেন মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী (মশু) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোজাহেরুল ইকবাল লাভলু। ফটিকছড়ি পৌর যুবদলের সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল। ভুজপুর থানা যুবদলের সভাপতি হয়েছেন জাহেদুল আলম (মেম্বার) এবং সাধারণ সম্পাদক হয়েছেন একরামুল হক একরাম।নাজিরহাট পৌর যুবদলের সভাপতি হয়েছেন প্রিন্স ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরাফাত তুষার।
কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা, থানা ও পৌর পর্যায়ে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশনা প্রদান করেছেন।নতুন কমিটি ঘোষণায় যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
